| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইতিহাসে প্রথম, স্নাতকোত্তর থিসিস গবেষণায় জবির আর্থিক সহায়তা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ১১:৪২:৫৬:পূর্বাহ্ন  |  ১০৮১৯৩৮ বার পঠিত
ইতিহাসে প্রথম, স্নাতকোত্তর থিসিস গবেষণায় জবির আর্থিক সহায়তা

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাসে প্রথমবারের মতো স্নাতকোত্তর থিসিস শিক্ষার্থীদের জন্য গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপাচার্যের কনফারেন্স রুমে এই অনুদানের চেক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, “বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একাডেমিক ও গবেষণামুখী শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও দোয়ার নিদর্শনস্বরূপ কিছু করতে পারায় আমরা আনন্দিত। খুব শিগগিরই পিএইচডি গবেষকদের জন্যও অনুরূপ বৃত্তি চালু করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “গবেষণার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের থিসিসে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের অনুদান প্রদান একটি যুগোপযোগী পদক্ষেপ। অনুদানের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হলে এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতকে আরও গতিশীল করবে।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের রুটিন দায়িত্বে নিয়োজিত অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।

জানা যায়, ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের অধীনে ২৭টি বিভাগের মোট ৩৫৪ জন শিক্ষার্থীকে প্রায় ৫০ লক্ষ টাকার গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে। প্রতিটি শিক্ষার্থী ১৪,১২৪ টাকা করে অনুদান পাবেন, যা ২০২৪–২০২৫ অর্থবছরের আওতায় “থিসিস শিক্ষার্থীদের বৃত্তি” হিসেবে বিবেচিত হবে। এ অর্থ শুধুমাত্র গবেষণা–সংক্রান্ত কাজে ব্যয়যোগ্য।

অনুষ্ঠানে প্রতিটি অনুষদ থেকে দু’জন করে শিক্ষার্থী চেক গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট ও বিভিন্ন দপ্তরের পরিচালকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪