জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের প্রতিটি ভোটকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ফুটেজ সবার জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে শাখা ছাত্রশক্তি।
রোববার (২ নভেম্বর) সকাল ৯টায় উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন–২০২৫-এর আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভায় সংগঠনটির আহ্বায়ক ফয়সাল মুরাদ এই দাবি জানান।
তিনি বলেন, “বিগত চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অনিয়মের কিছু উদাহরণ দেখা গেছে। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যেন স্বচ্ছ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত হয়, সেজন্য প্রতিটি ভোটকক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে এবং সেই ফুটেজ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে।”
ফয়সাল মুরাদ আরও বলেন, “ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিতে ভোটকক্ষের ভেতরে কিছু জাতীয় গণমাধ্যমকে সরাসরি সম্প্রচারের অনুমতি দেওয়া যেতে পারে।”
সভায় নির্বাচন কমিশনারসহ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতারা, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আরকে