রিপোর্টার্স২৪ ডেস্ক: বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের নাম ব্যবহার করে বড় ধরনের প্রতারণা করা হয়েছে মুম্বাইয়ে। এক আইনজীবী সামাজিক মাধ্যমে বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে ৫ লাখ রুপিরও বেশি হারিয়েছেন।
ওরলি থানায় অভিযোগ করেছেন আইনজীবী শবনম মুহাম্মদ হুসেন সায়েদ (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের জুনে শবনম একটি ‘আন্তর্জাতিক ট্রেডিং প্ল্যাটফর্ম’ এর বিজ্ঞাপন দেখতে পান, যেখানে নেহা কক্করকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখানো হয় এবং প্ল্যাটফর্মটিকে নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম হিসেবে প্রচার করা হয়।
বিজ্ঞাপনের ভিডিও দেখে বিশ্বাস করেন শবনম। পরে বিজয় ও জিমি ডিসুজা নামে দুই ব্যক্তি তাকে টেলিগ্রাম, জুম ও ইমেইলের মাধ্যমে বিনিয়োগের পরামর্শ দেন এবং মোটা অঙ্কের মুনাফার প্রতিশ্রুতি দেন।
জুন থেকে অক্টোবরের মধ্যে শবনম ধাপে ধাপে ৫ লাখ টাকার বেশি পাঠান, কিন্তু কোনো রিটার্ন না পেয়ে বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপরই তিনি থানায় মামলা করেন।
পুলিশ ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী তদন্ত শুরু করেছে। অনলাইন লেনদেন, কল রেকর্ড ও জুম মিটিংয়ের তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম