রিপোর্টার্স২৪ডেস্ক: বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং আলোচিত সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-৭৪তম আসরে, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ।
গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর মূল প্রতিযোগিতায় অংশগ্রহনের উদ্দেশ্যে,দেশের পতাকা হাতে গত অক্টোবরের শেষ দিকে তিনি উড়ে গিয়েছেন থাইল্যান্ডে।
বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীদের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিচ্ছেন বাংলাদেশের এই গ্ল্যামার কুইন।বর্তমানে সেখানে চলছে প্রস্তুতি পর্ব, গ্রুমিং সেশন ও ভোটিং কার্যক্রম। ভোটিং পর্বে বিশ্ব র্যাংকিংয়ে মিথিলা এখন পর্যন্ত ৭৩ হাজার ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন।
“আমি কাঁদছি, সত্যি বলতে জানি না কী বলব। আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, বুঝতে পারছি না।” সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের অনুভূতি জানিয়েছেন মিথিলা
সেই সঙ্গে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, “আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য।”
২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্সের ৭৪তম আসরের বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালে’তে, বর্তমান বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগের উত্তরসূরি নির্বাচিত হবেন।
২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম উক্ত প্রতিযোগীতায় বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।
রিপোর্টর্স২৪/বাবি