রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের পতাকা হাতে সগৌরবে দাঁড়িয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
তিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর অক্টোবরের শেষের দিকে থাইল্যান্ডের মূল মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পৌঁছান। থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে তার পোশাক নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে মিথিলা একটি ভিডিও বার্তায় দেশের মানুষের প্রতি হতাশা ও কষ্ট প্রকাশ করেছেন।
ভিডিওতে মিথিলা বলেন, আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না, কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কী কষ্ট করছি। এত বড় দেশ থেকে একজন ভালো কন্টেস্ট্যান্ট আসলে এত কষ্ট, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু করে, এত এফোর্ট দিয়ে চেষ্টা করেও যদি দেশের মানুষের appreciation না পাই, সেটা খুবই কষ্টের।
বিকিনি পরার প্রসঙ্গে তিনি জানান, আমি যদি বিকিনি না পরি, তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারবো না। যদি আমি জিততে চাই, বাংলাদেশকে জিতাতে চাই, তাহলে আমাকে বিকিনি পরতেই হবে। এখানে রিলিজিয়নের কিছু নেই- যদি বাংলাদেশকে জিতাতে হয়, আমাকে বিকিনি পরতেই হবে।
মিথিলা আরও বলেন, এখানকার কম্পিটিশন খুব বড়। এতগুলো মানুষের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমাকে অনেক ভালো করতে হবে। আমার দেশের মানুষকেও অনেক আগ্রহী হতে হবে যাতে তারা আমাকে সাপোর্ট করে।
তিনি নিজে এই মঞ্চকে সুযোগ হিসেবে দেখছেন, যেখানে দেশের নামের সঙ্গে নিজের পরিচয়ও বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ রয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে