গাজীপুর প্রতিনিধি: যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৬-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। পাশাপাশি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) কিউএস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করে। গাকৃবির সেকশন অফিসার (জনসংযোগ) মো. রনি ইসলাম জানান, এবারের র্যাঙ্কিংয়ে সারা বিশ্বের ১ হাজার ৯৯৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
প্রকাশিত তালিকায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অবস্থান করছে। এর আগে কিউএস-এর অন্যান্য প্রকাশিত র্যাঙ্কিংগুলোতেও গাকৃবির অবস্থান ঈর্ষণীয় ছিল।
গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অর্জন শুধুমাত্র একটি সংখ্যা নয়। এটি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের দিন-রাতের পরিশ্রম, সততা, নিষ্ঠা এবং স্বপ্নের সম্মিলিত প্রচেষ্টার ফল। তবে আমরা এখানেই থেমে থাকবো না। আমাদের লক্ষ্য দ্রুত আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ১০০-২০০তম অবস্থানে প্রবেশ এবং দেশের প্রথম স্থানে আরও সুদৃঢ় অবস্থান তৈরি করা।
উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাঙ্কিং ২০২৫-২৬-এ দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া URI র্যাঙ্কিং ২০২৫-এ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭৭তম অবস্থানে রয়েছে, যা জাতীয়ভাবে প্রথম।
রিপোর্টার্স২৪/আরকে