রিপোর্টার্স২৪ ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি ধানুশ ও সাই পল্লবীকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা যেতে পারে এমন জোরালো গুঞ্জনে তুমুল উচ্ছ্বাস ছড়িয়েছে ভক্তমহলে। ‘মারি টু’ সিনেমায় তাদের দুর্দান্ত রসায়ন এবং বিশ্বব্যাপী ভাইরাল হওয়া ‘রাউডি বেবি’ গানের সাফল্যের পর থেকেই দর্শকদের প্রত্যাশা ছিল এই জুটিকে আবারও একসঙ্গে দেখার। অবশেষে সেই অপেক্ষার যেন অবসান হতে চলেছে।
ধানুশের পরবর্তী সিনেমা ‘ডি৫৫’যা আপাতত একটি সাময়িক নাম এ তার বিপরীতে নায়িকা হিসেবে সাই পল্লবীর নামই এখন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। ছবিটি পরিচালনা করবেন সারপট্টা পরম্পরাই খ্যাত রাজকুমার পেরিয়াসামি।
টাইমস অব ইন্ডিয়া ও সিনেমা এক্সপ্রেস জানিয়েছে, প্রথমে এই ছবির নায়িকা হিসেবে পূজা হেগড়েকে নেওয়ার আলোচনা ছিল। এরপর আলোচনায় আসে মীনাক্ষী চৌধুরীর নাম। তবে নতুনতম আপডেটে জানা গেছে, নির্মাতাদের পছন্দের তালিকার শীর্ষে এখন সাই পল্লবীই। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবুও এই সম্ভাবনাতেই তামিল সিনেমার দর্শকদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ধানুশ ও সাই পল্লবীর প্রথম অন স্ক্রিন জুটি বাঁধা হয়েছিল ‘মারি টু’তে। সেই সিনেমার ‘রাউডি বেবি’ গানটি প্রথম দক্ষিণ ভারতীয় গান হিসেবে ইউটিউবে ১ বিলিয়ন ভিউ ছাড়িয়ে রেকর্ড গড়েছিল, যা এখনো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
নির্মাতারা জানিয়েছেন, আগামী বছরের প্রথম দিকে ‘ডি৫৫’এর শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে চলছে জোর প্রি-প্রোডাকশন। এদিকে ধানুশের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইডলি কাডাই’১ অক্টোবর প্রেক্ষাগৃহে আসে এবং প্রশংসা কুড়ায়। পাশাপাশি তার হিন্দি ছবি ‘তেরে ইশক মেইন’এই মাসের শেষেই মুক্তির অপেক্ষায়।
অন্যদিকে সাই পল্লবীর অভিনীত ‘থান্ডেল’মুক্তি পায় ৭ ফেব্রুয়ারি। বর্তমানে তিনি বলিউডেও নিয়মিত কাজ করছেন। আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে তার নতুন হিন্দি ছবি ‘মেরে রাহো’ মুক্তি পাবে আগামী ১২ ডিসেম্বর। পাশাপাশি নিতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’ এ রণবীর কাপুরের বিপরীতে সীতা চরিত্রে অভিনয় করছেন তিনি যা এখন বলিউডের সবচেয়ে আলোচিত প্রজেক্টগুলোর একটি।
রিপোর্টার্স২৪/ঝুম