চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ তাদের মূল ক্যাম্পাসে ফিরেছে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে, একইসঙ্গে শিক্ষাগত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের অন্তর্ভুক্ত একটি অন্যতম ইনস্টিটিউট। এটি চট্টগ্রামের বাদশাহ মিয়া চৌধুরী সড়কে অবস্থিত ছিল। এটি দেশের প্রথম চারুকলা বিভাগ। এটি একমাত্র ইনস্টিটিউট যা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসের বাইরে অবস্থিত ছিল। ২০১০ সালে চারুকলা কলেজ অধিগ্রহণ করে ইনস্টিটিউটটি স্থাপিত হয়। বর্তমানে এখানে ৩০ জন অনুষদ সদস্য রয়েছেন, পাশাপাশি সর্বমোট ৭০টি আসন রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের একাডেমিক সুবিধা, গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষকদের সঙ্গে অন্যান্য অনুষদের কার্যকর সমন্বয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে চারুকলা অনুষদকে আবারও মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে অনুষদটির জন্য একটি আধুনিক ভবন নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার বলেন, “চারুকলা অনুষদের মূল ক্যাম্পাসে প্রত্যাবর্তন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। এটি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ।”
চারুকলা অনুষদের এই প্রত্যাবর্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
চারুকলা ইন্সটিটিউট এর উচ্ছ্বসিত শিক্ষার্থী রাফি রিপোর্টার্স টুয়েন্টিফোর’কে বলেন- ‘চারুকলা ইনস্টিটিউটের মূল ক্যাম্পাসে ফিরে আসা আমাদের জন্য অনেক আনন্দের। সবুজে ঘেরা এই পরিবেশে আমরা আবারও আমাদের সৃজনশীলতাকে পূর্ণভাবে প্রকাশের সুযোগ পাচ্ছি। এটা শুধু একটি ফিরে আসা নয়, বরং নতুন করে শুরু করার এক দুর্দান্ত অধ্যায়। আমাদের অধ্যাবসায় ও প্রতীক্ষার ফলাফলে আমরা উচ্ছ্বসিত। চবির হৃদয়ে আবারো ফিরে এলো চারুকলা !’
রিপোর্টার্স২৪/এস