এনামুল হক ছোটন : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফির বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগচেষ্টার ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগী পরিবারে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম।
এর আগে গত বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত হামলাকারী সন্ত্রাসীরা বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানা-পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে বলে জানিয়েছেন রাফির ভাই খন্দকার জুলকারনাইন রাদ। খবরের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে, এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো: শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে এবং খুব দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম