রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৪তম মিস ইউনিভার্সের মুকুট জিতে নিয়েছেন মেক্সিকোর ফাতিমা বশ। এ বছরের প্রতিযোগিতায় ফাইনাল পর্বে পৌঁছান মেক্সিকো, থাইল্যান্ড, ফিলিপাইনস, ভেনেজুয়েলা এবং আইভরি কোস্টের প্রতিনিধিরা।
বাংলাদেশ সময় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয় গ্র্যান্ড ফাইনাল। বিভিন্ন ধাপ অতিক্রম করে সেরা পাঁচে জায়গা করে নেন ফাতিমা বশ। চূড়ান্ত রাউন্ডে প্রতিযোগীদের দুটি করে প্রশ্ন করা হয় এবং উত্তরের ভিত্তিতেই নির্ধারিত হয় বিজয়ী। সেখানে সর্বোচ্চ দক্ষতা ও আত্মবিশ্বাস দেখিয়ে এগিয়ে থাকেন ২৬ বছর বয়সী ফাতিমা।
প্রথম রানার-আপ হন থাইল্যান্ডের প্রাভিনারা সিং। এরপর স্থান পান ভেনেজুয়েলার স্টেফানি আব্দাসালি, ফিলিপাইনের আথিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে।
শেষ পর্যন্ত মুকুট ওঠে মেক্সিকোর ফাতিমা বশের মাথায়, যা দেশটির ইতিহাসে চতুর্থ মিস ইউনিভার্স শিরোপা। গত আসরের মিস ইউনিভার্স ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগ বিজয়ীর মাথায় নিজ হাতে মুকুট পরিয়ে দেন। এর আগে ২০২০ সালে মেক্সিকোর আন্দ্রেয়া মেজা সর্বশেষ এই খেতাব জয় করেছিলেন।
বিশ্বব্যাপী লাখো দর্শকের কাছে জনপ্রিয় বিউটি পেজেন্ট ‘সুপার বোল’ খ্যাত মিস ইউনিভার্সে এবার অংশ নেন ১২০টি দেশের প্রতিযোগী। প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করেন নাদিন আয়ুব, তিনি সেরা ৩০- এ জায়গা করে নেন। ফাইনাল শো সঞ্চালনা করেন মার্কিন কমেডিয়ান স্টিভ বার্ন, আর ওপেনিং পারফরম্যান্স করেন থাই গায়ক জেফ স্যাচুর।
সুইমস্যুট রাউন্ড শেষে সেরা ৩০ থেকে নির্বাচিত করা হয় ১২ জনকে। পরে ইভনিং গাউন রাউন্ডের পর নির্ধারিত হয় চূড়ান্ত পাঁচজন। ফাইনালে প্রতিযোগীদের সামনে রাখা হয় দুটি প্রশ্ন- জাতিসংঘের সাধারণ পরিষদে কোন বৈশ্বিক ইস্যু তুলে ধরবেন এবং মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম তরুণীদের অনুপ্রেরণায় কীভাবে ব্যবহার করবেন।
প্রশ্নোত্তর পর্বে ফাতিমা বশ বলেন, “নিজের সত্যিকারের সত্তার শক্তিতে বিশ্বাস রাখুন। আপনার স্বপ্ন মূল্যবান, আপনার হৃদয় মূল্যবান। কাউকে কখনো আপনার মূল্য নিয়ে সন্দেহ তৈরি করতে দেবেন না।”
তিন সপ্তাহব্যাপী আয়োজনে প্রতিযোগীরা থাইল্যান্ডজুড়ে বিভিন্ন কার্যক্রম, রিহার্সাল ও ন্যাশনাল কস্টিউম শোতে অংশ নেন। বুধবার অনুষ্ঠিত কস্টিউম শোতে প্রতিযোগীরা তাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।
রিপোর্টার্স২৪/আয়েশা