| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ১৪:৩৮:২২:অপরাহ্ন  |  ১০০৮৯৭৮ বার পঠিত
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ
ছবির ক্যাপশন: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পুনর্নির্ধারণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীদের রাজশাহী-ঢাকা রেলপথে অবস্থান। ছবি:আতিকুর রহমান, রাবি প্রতিনিধি

আতিকুর রহমান, রাবি প্রতিনিধি: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পুনর্নির্ধারণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইনে নেমে তারা এই কর্মসূচি শুরু করেন।

অবরোধস্থলে তারা ‘বৈষম্যের বিরুদ্ধে বাংলার সংগ্রাম’, ‘স্বৈরাচারী সিদ্ধান্ত মানি না’, ‘৪৭-এর রোডম্যাপ সংশোধন চাই’,‘ছয় মাস যেখানে নিয়ম, সেখানে দুই মাস কেন?’,‘যৌক্তিক সময় আমাদের অধিকার’স‌হ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

রাবি শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম অভিযোগ করেন, মোট ১১০০ নম্বরের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য মাত্র দুই মাস সময় রাখা কোনোভাবেই যৌক্তিক নয়। দীর্ঘদিন ধরে আমরা পিএসসিকে অনুরোধ করে আসছি, কিন্তু প্রতিষ্ঠানটি আমাদের কথায় কান দিচ্ছে না।

লিখিত পরীক্ষার রুটিন সাধারণত দুই মাস আগে প্রকাশ হওয়ার কথা। এবার তা এক মাসও হয়নি। অর্থাৎ পিএসসির নিজের তৈরি রোডম্যাপই তারা মানেনি। ৪৬তম বিসিএসের সুবিধার জন্য আমাদের প্রিলিমিনারি তিনবার পেছানো হলেও এখন আমাদের ব্যাপারে সেই নমনীয়তা নেই।

এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ছাত্রী আনিকা তাবাসসুম জানান, ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি নেওয়ার পর এত অল্প সময়ে বিশাল সিলেবাস শেষ করা অবাস্তব। বিভিন্ন ছাত্রসংগঠন আমাদের দাবির সঙ্গে একমত হলেও সময় বাড়ানোর বিষয়ে পিএসসি কোনো উদ্যোগ নিচ্ছে না।

একই দাবির সুরে আন্দোলনকারী শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, আমরা অহেতুক আন্দোলন করছি না। দেশের বিভিন্ন জায়গা থেকে, এমনকি অনেক ক্যাডারও আমাদের দাবিকে সমর্থন করছেন। তারপরও পিএসসির অবস্থান যেন অনড়—কেন?

শিক্ষার্থীরা জানায়, বিসিএসের লিখিতর প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় অপরিহার্য; দেড়-দুই মাসে বিশাল সিলেবাস শেষ করা বাস্তবসম্মত নয়। তাই তারা লিখিত পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাস করে যথাযথ সময় দেওয়ার জোর দাবি জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪