রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র চাঁদের আলো–সহ একাধিক হিট সিনেমার নির্মাতা শেখ নজরুল ইসলাম আর নেই। শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
নির্মাতা গাজী মাহবুব এবং চাঁদের আলো ছবির অভিনেত্রী রুমানা ইসলাম তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। গাজী মাহবুব জানান, “বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম আমার ওস্তাদজি। তিনি ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৩০ মিনিটে মারা যান। আজ রাতেই তাঁর মরদেহ নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। রোববার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।”
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর দুপুরে মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শেখ নজরুল ইসলাম। তাঁকে আইসিউতে নেওয়া হয় এবং ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। শনিবার সকাল ১০টায় ওই পর্যবেক্ষণ সময় শেষ হলেও রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে জন্ম নেওয়া শেখ নজরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে নির্মাতা জহির রায়হান ও খান আতাউর রহমানের সহকারী হিসেবে চলচ্চিত্রে পথচলা শুরু করেন। ১৯৭৪ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম সিনেমা চাবুক।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি নদের চাঁদ, এতিম, নাগিন, মাসুম, ঈদ মোবারক, আশা, পরিবর্তন, নতুন পৃথিবী, দিদার, সালমা, বউ শাশুড়ি, কসম, বিধাতা, স্ত্রীর পাওনা, চাঁদের আলো, চাঁদের হাসি, চক্রান্ত, সিংহ পুরুষ, সব খতমসহ বহু জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেন। ষাটের দশকে সাত ভাই চম্পা ছবিতে অভিনয়ও করেন তিনি।
এ ছাড়া জহির রায়হানের অসমাপ্ত সিনেমা লেট দেয়ার বি লাইট-এ সহকারী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন এবং সেখানে একটি চরিত্রে অভিনয়ও করেছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি