জবি প্রতিনিধি : ভূমিকম্পে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় এবং ঝুঁকি নিরূপণ ও পরবর্তী কার্যক্রম পরিচালনার স্বার্থে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস–পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু হলেও ৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সরাসরি ক্লাস। এছাড়াও কেন্দ্রীয় ও উন্মুক্ত লাইব্রেরি, শিক্ষার্থীদের পরিবহন বন্ধ রাখার পাশাপাশি একমাত্র আবাসিক হল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পৌঁছে দিতে বিভাগীয় শহরগুলোতে বাস ছেড়ে যাবে।
রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শারমীন, সকল অনুষদের ডিন, সকল ইনস্টিটিউটের পরিচালক, সকল বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রধান নির্বাচন কমিশনার (জকসু) এবং প্রক্টর উপস্থিত ছিলেন।
সভায় ভূমিকম্প–পরবর্তী বিভিন্ন ভবন পরিদর্শন ও মূল্যায়ন করে প্রতিবেদন দাখিল করতে বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মল্লিক আকরাম হোসেনকে আহ্বায়ক করে বুয়েটের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়। রিপোর্ট এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে ৪ ডিসেম্বর আবারও সভা অনুষ্ঠিত হবে। জকসু নির্বাচন কার্যক্রম বিষয়ে জকসু নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের বাড়িতে যাওয়ার সুবিধার্থে বিভাগীয় শহরগুলোতে বাস যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন প্রশাসক সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক। তিনি বলেন, শিক্ষার্থীদের বাড়ি যাওয়াকে সহজ করতে প্রতিটি বিভাগীয় শহরের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছেড়ে যাবে। আগামীকাল সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে গাড়িগুলো ছেড়ে যাবে।
রিপোর্টার্স২৪/এসএন