রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন ফের প্রেমে পড়েছেন। তিনি জানান, খুব শিগগিরই এই সম্পর্কটি প্রকাশ্যে আনবেন। বাঁধন গণমাধ্যমকে বলেছেন, আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছি। প্রেম সুন্দর। আমি প্রেমের সম্পর্কে থাকতে চাই। মাত্র তো প্রেমে পড়লাম, এখন এই সম্পর্ককে যত্ন করতে হবে। খুব শিগগিরই প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনব।
বর্তমানে বাঁধন মিরপুরে তার মা-বাবার সঙ্গে মেয়েকে নিয়ে থাকছেন। পরিবারে বিয়ে নিয়ে বাড়তি কোনো চাপ নেই। প্রায় ১১ বছর আগে তার মাশরুর সিদ্দিকী সনেটের সঙ্গে বিচ্ছেদ ঘটে এবং সেই সংসারে তার একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর তিনি আর কারো সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি।
এর আগে, বাঁধন কিছু সময় প্রেমের সম্পর্কেও জড়িয়ে ছিলেন, যা প্রায় চার বছর স্থায়ী হয়। তবে গত বছরের শুরুর দিকে সেই সম্পর্ক ভেঙে যায়, যা তাকে মানসিকভাবে প্রভাবিত করে। সেই সময়েই দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থান, তার উপর মানসিকভাবে প্রভাব ফেলে।
রিপোর্টার্স২৪/ঝুম