মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গানসহ গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মনি পশ্চিম মালসাদহ গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে। সোমবার (২৪ নভেম্বর) ভোরে গাংনীর সেনা ক্যাম্পের সদস্য ও থানা পুলিশের একটি টিম তার বাড়ির ছাদ থেকে অস্ত্রটি উদ্ধার করে।
সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মনিরুজ্জামানকে আটক করে উদ্ধারকৃত অস্ত্রসহ গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
রিপোর্টার্স২৪/মিতু