বাউফল প্রতিনিধি: বাউফলে নকল স্ট্যাম্প ব্যবহার করে জাল দলিল তৈরির অভিযোগে মো. তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তরিকুল ইসলাম নওমালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলতাফ মাতবরের ছেলে। জাল স্ট্যাম্প ও দলিল তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা নং ৮২/২৫ অনুসারে দণ্ডবিধি ১৮৬০ এর ১১৮ ধারা লঙ্ঘনের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়।
রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দোকান মালিক দাবি করেন, তরিকুল তার দোকানে ৩-৪ মাস ধরে কাজ করছে। জাল স্ট্যাম্প বা দলিলের বিষয়ে তার কিছু জানা নেই। তাকে কোনো বেতন দেয়া হয়না, বরং তরিকুল নিজের আয় থেকে তাকে টাকা দেয়। যদি সে অপরাধ করে থাকে, তার শাস্তি হয়েছে এ নিয়ে বলার কিছু নেই।
উপজেলা প্রশাসন জানায়, নকল স্ট্যাম্প ব্যবহার, জাল দলিল তৈরি ও ভূমি–সংশ্লিষ্ট প্রতারণার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। এ ধরনের অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।
রিপোর্টার্স২৪/মিতু