ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর কচুয়া গ্রামের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর মা জোসনা খাতুন বাদী হয়ে শৈলকুপা থানায় ৪ জনের নামে মামলা করেছেন।
আসামিরা হলো, উত্তর কচুয়া গ্রামের রইচ বিশ্বাস, কামাল বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস ও রশিদ মন্ডলের ছেলে হাবিবুর রহমান ও খন্দকবাড়িয়া গ্রামের মৃত কালু হাজীর ছেলে এনামুল।
জানা যায়, শুক্রবার খন্দকবাড়িয়া সংলগ্ন উত্তর কচুয়া গ্রামের মৃত কানু হাজীর ছেলে এনামুলের বাড়িতে বিয়ের দাবীতে অনশন করে উত্তর কচুয়া গ্রামের মৃত ঝড়ো লস্কারের মেয়ে (১৬)।
ধর্ষণের শিকার কিশোরী জানায়, এনামুলের সাথে তার ৬ মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বৃহস্পতিবার রাতে এনামুল তাকে ফোন করে বাড়ির বাইরে আসতে বলে। সে বাড়ির বাইরে আসলে প্রথমে এনামুল তাকে জোর করে বাড়ির পাশের ধান ক্ষেতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে করে। এসময় রইচ বিশ্বাস ওই মুহুর্তের ভিডিও ধারণ করে এবং মাসুদ বিশ্বাস ও হাবিবুর রহমানকে ফোন করে ডেকে আনে। পরে রইচের সহযোগিতায় তারাও কিশোরীকে ধর্ষণ করে। ঘটনা কাউকে না জানাতে বিভিন্ন ধরনের ভয়ভীতিও প্রদর্শন করে।
এলাকাবাসী জানায়, ঘটনার পরের দিন এনামুলের বাড়িতে বিয়ের দাবীতে অনশন করে ওই কিশোরী। মোটা অংকের টাকার বিনিময়ে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে শালিশে মিমাংসা করার চেষ্টা করে শরিফুল মেম্বার ও খন্দকবাড়ীয়া গ্রামের বেশ কয়েকজন মাতব্বর।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, ধর্ষণের ঘটনা প্রচারের পর তদন্ত শুরু করে পুলিশ। এক পর্যায়ে গণধর্ষণের তথ্য পাওয়া যায়। ভুক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে পুলিশ ৩ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু