বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ২৪-এর আন্দোলনের সময় নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাসহ মোট ৯৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
২০২৪ সালের আন্দোলন চলাকালে ৩ আগস্ট মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা, বাধা সৃষ্টি ও মারপিটের অভিযোগে গত শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) মামলাটি দায়ের করেন মো. নুর ইসলামের ছেলে আব্দুর রহিম।
মামলার প্রধান আসামি করা হয়েছে মোরেলগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মনিরুল হক তালুকদারকে এবং দ্বিতীয় আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনকে।
এ ছাড়া মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিরা হলেন—
অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, হারুনুর রশিদ, আলমগীর হোসেন বাদশা, ফারুক খান, আরিফুজ্জামান আরিফ, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিক, সাইফুল শেখ, মহিদুজ্জামান মহিদ, নুরুন্নবী পরাগ, হাসিব খান, ওবায়দুল ইসলাম টিটু, কমিশনার সূজন, মোস্তাক বিল্লাহ রূপম, রাজ্জাক, মাহমুদুল হাসান জুয়েল, এনায়েত করিম রাজীব, ইলিয়াস হোসেন দুলাল ও ফারুক চৌকিদার। এছাড়া অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করা হয়েছে।
যদিও মামলাটি শুক্রবার রাতে দায়ের করা হয়েছে, তবে রবিবার (২৩ নভেম্বর) বিষয়টি এলাকায় ব্যাপকভাবে জানাজানি হলে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা–সমালোচনা। স্থানীয়ভাবে এ ঘটনাকে কেন্দ্র করে নানা মতপার্থক্য ও প্রশ্ন দেখা দিয়েছে।
মোরেলগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ভবতোষ রায় বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। মোট আসামি ৯৭ জন হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।