রিপোর্টার্স২৪ডেস্ক: বাউল শিল্পীদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে আয়োজন করা হয় ‘প্রতিবাদী বাউল সন্ধ্যা’। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় একদল শিক্ষার্থীর উদ্যোগে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক ঢাবি সূর্যসেন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত বলেন, বাংলার লোকসংস্কৃতি, মানবতাবাদ ও সাম্যের প্রতীক বাউল দর্শন। শত শত বছর ধরে এই দর্শন মুক্তচিন্তার ধারা সমৃদ্ধ করেছে। সাম্প্রতিক হামলার ঘটনা শুধু শিল্পীদের নয়, দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির ওপরই আঘাত।
স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন বলেন, গণতান্ত্রিক সমাজে শিল্প-সংস্কৃতির ওপর আক্রমণ কোনোভাবেই কাম্য নয়। সকল নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা, সাংস্কৃতিক নিরাপত্তা ও সমান মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সূর্যসেন হল শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু বলেন, বাউল দর্শন শুধু একটি শিল্পধারা নয়—এটি সাম্য, মানবতা ও মুক্তচিন্তার পথ। এই পথ রক্ষায় রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক অঙ্গনের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আয়োজকরা চার দফা দাবি উত্থাপন করেন—
১. বাউল শিল্পীদের ওপর হামলার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত।
২. দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা।
৩. বাউলসহ সব সাংস্কৃতিক সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা।
৪. ঘৃণা, উসকানি ও সহিংসতার বিরুদ্ধে সমন্বিত সামাজিক উদ্যোগ গ্রহণ।
রিপোর্টার্স২৪/বাবি