চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কৈয়ারপুল নামক স্থানে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এক দুর্ঘটনায় মো. রিহান (১০) নামের এক শিশুর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত শিশুটি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের হোসেন খাঁনের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশুটি তার দাদি মমিনা খাতুনের সাথে সিএনজি চালিত অটোরিকশায় চাঁদপুর থেকে হাজীগঞ্জে যাচ্ছিলো। কৈয়ারপুল এলাকায় এক অজ্ঞাত গাড়ি এসে চাপা দেওয়ায় শিশুটির বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষনিকভাবে শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাজীগঞ্জ থানা পুলিশ কৈয়ারপুল এলাকা থেকে শিশুটির বিচ্ছিন্ন হাত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে তার দাদিসহ রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানায় , শিশুটির পরিবারের সিদ্ধান্ত মতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাতীয় অর্থপেডিক হাসপাতালে রেফার করা হয়েছে। যাতে তার বিচ্ছিন্ন হাতটি জোড়া দেওয়ার সুযোগ হয়।
রিপোর্টার্স২৪/মিতু