| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাকা নিলেও শিশুকে ফেরত দেয়নি অপহরণকারীরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১৮:৪১:২১:অপরাহ্ন  |  ১২৩০৯৯৩ বার পঠিত
টাকা নিলেও শিশুকে ফেরত দেয়নি অপহরণকারীরা

রিপোর্টার্স২৪ডেস্ক: কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকা থেকে মো. ত্বকী তাযওয়ার (১২) নামে এক এতিমখানার ছাত্রকে অপহরণ করা হয়েছে। শনিবার বিকেলে অপহরণের পর আজ সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত তার খোঁজ মেলেনি। অপহরণকারীরা পরিবারকে এক লাখ টাকা মুক্তিপণ দিতে চাপ দিচ্ছে এবং টাকা না দিলে হত্যার হুমকিও দিয়েছে।

ত্বকী চকরিয়ার বরইতলী ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়ার বাসিন্দা। তার বাবা মৃত মোহাম্মদ নোমান। কক্সবাজার শহরের বৌদ্ধমন্দির সড়কের বায়তুশশরফ জব্বারিয়া এতিমখানায় থেকে সে পঞ্চম শ্রেণিতে পড়ছে।

ঘটনার পর শিশুটির চাচা মাওলানা মো. মনিরুল ইসলাম গতকাল রোববার রাতে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়েছে, মুক্তিপণ না পেলে অপহরণকারীরা ত্বকীকে হত্যা করে লাশ গুম করতে পারে। এ ঘটনায় শিশুটির মা গুরুতর মানসিক চাপে আছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, বিভিন্ন উৎস থেকে তথ্য পাওয়া যাচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়ে খবর মিললেও বাদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অপহরণকারীদের শনাক্তে বার্মিজ মার্কেট এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শিশুকে উদ্ধারের অভিযান চলছে।

ত্বকীর মা আফরোজা বেগম জানান, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এতিমখানা থেকে বের হয়ে বার্মিজ মার্কেট মোড়ে দাঁড়ালে একটি কালো মাইক্রোবাস থেকে কয়েকজন লোক নেমে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকেই শিশুটির কোনো খোঁজ নেই।

চাচা মনিরুল ইসলাম বলেন, আজ সকালে অপহরণচক্রের এক সদস্য ফোন করে এক লাখ টাকা নিয়ে রামুর বাইপাস এলাকায় যেতে বলে। সেখানে গেলে আবার গর্জনিয়া যেতে বলা হয়। পরে বিকাশ নম্বর দিয়ে টাকা চাওয়া হয়। বিকেলে প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ২০ হাজার টাকা পাঠানো হয়। কিন্তু ত্বকীকে তারা ছেড়ে দেয়নি। সন্ধ্যা পর্যন্ত ছেলেকে না পেয়ে মাকে নিয়ে থানায় যাচ্ছিলেন বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪