রিপোর্টার্স২৪ডেস্ক: বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন পর্দায় সাহসী ও প্রথাভাঙা अभिनयের জন্য যেমন পরিচিত, ব্যক্তিগত জীবনেও লড়াই করে এগিয়ে যাওয়ার উদাহরণ। বর্তমানে তিনি মেয়েকে নিয়ে ঢাকার মিরপুরে বাবা-মায়ের সঙ্গে থাকেন। বিয়ে নিয়ে পরিবার কখনোই তাকে বাড়তি চাপ দেয় না বলেও জানান অভিনেত্রী।
২০১৪ সালে মাশরুর সিদ্দিকী সনেটের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই একমাত্র মেয়ে মিশেল আমানিকে নিয়ে পরিবারে সময় কাটাচ্ছেন বাঁধন। প্রায় ১১ বছর আগে বিচ্ছেদ হলেও এরপর আর বিয়ে করেননি। এর মধ্যেই চার বছর একটি প্রেমের সম্পর্কে ছিলেন তিনি, যা ভেঙে যায় গত বছরের শুরুতে। সেই সময় ব্যক্তিগত জীবনের ভাঙন এবং একই বছরে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পরিস্থিতি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।
তবে এখন নিজের জীবনের অন্যতম শান্ত সময় পার করছেন বলে মনে করেন অভিনেত্রী। মেয়ের দীর্ঘ দিনের ইচ্ছা ছিল—মায়ের জীবনে যেন আবার কেউ আসে; এখন সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। বাঁধন জানিয়েছেন, তিনি নতুন একটি সম্পর্কের মধ্যে আছেন এবং খুব শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে জানাবেন।
বাঁধনের ভাষায়, “আমি জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছি। কাজ, মেয়ে, বাবা-মা, ভাই—সব মিলিয়ে এখন অনেক শান্তি অনুভব করছি। প্রেমও সুন্দর। সম্পর্কটা একেবারেই নতুন, তাই যত্ন নিয়ে এগোতে চাই।”
সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া ‘এশা মার্ডার’ সিনেমায় দেখা গেছে আজমেরী হক বাঁধনকে। এর বাইরে আরও দুটি নতুন প্রকল্পের কাজ শেষ করছেন তিনি।
রিপোর্টার্স২৪/বাবি