চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পাঁয়তারা, পাশাপাশি লালদিয়া (লালবিয়ার চর) ও পানগাঁও টার্মিনাল চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক–কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম।
আগামী (২৬ নভেম্বর) বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালিত হবে। কর্মচারীরা জানান, ২ নং মাইলের মাথা, সিমেন্স হোষ্টেল, টোল রোড টোল প্লাজা গেইট ও বড়পোল মোড়ে আন্দোলন করবেন।
শ্রমিক-কর্মচারীদের অভিযোগ, দেশের অন্যতম লাভজনক কনটেইনার টার্মিনাল এনসিটি সরকারি ব্যবস্থাপনায় ভালোভাবে পরিচালিত হওয়া সত্ত্বেও তা বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে—যা দেশের অর্থনীতি, শ্রমবাজার এবং বন্দরের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি।
তাদের অভিযোগ-বন্দরের গুরুত্বপূর্ণ সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দিলে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এবং হাজারো শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে পড়বে।
কর্মসূচিকে সফল করতে সংগঠন শৃঙ্খলাপূর্ণভাবে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে। চট্টগ্রাম বন্দর ও আশপাশ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু