| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে যবিপ্রবি শিক্ষার্থী-দোকানি সংঘর্ষ, পুলিশ ও সেনার হস্তক্ষেপে শান্তি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১৫:২৫:২৫:অপরাহ্ন  |  ৯৯৬৪০৮ বার পঠিত
যশোরে যবিপ্রবি শিক্ষার্থী-দোকানি সংঘর্ষ, পুলিশ ও সেনার হস্তক্ষেপে শান্তি

রিপোর্টার্স২৪ডেস্ক: এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় দোকানিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সংঘর্ষে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় এক ছাত্রী ক্যাম্পাসের সামনে আমবটতলা মোড়ে ফটোকপির দোকানে যান। সেখানে দোকানিরা তাকে উত্ত্যক্ত করলে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষার্থী ওই দোকানিকে মারধর করেন। এ ঘটনার জের ধরে দোকানিরা উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা প্রায় এক ঘণ্টা ধরে চলতে থাকে।

সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হলেও দোকানি পক্ষের আহতের সংখ্যা জানা যায়নি। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে গেলে দোকানিরা সড়কে টায়ার ও বেঞ্চ পুড়িয়ে বিক্ষোভ চালায়, যা সড়ক অবরুদ্ধ করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, স্থানীয় দোকানিরা আগে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের জানানো হয়। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, রাত ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতের সংখ্যা এখনো চূড়ান্তভাবে জানা যায়নি, পরে বিস্তারিত জানানো হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪