রিপোর্টার্স২৪ডেস্ক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত স্কুলিং কাঠামোর সঙ্গে ঢাকা কলেজকে যুক্ত করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। প্রস্তাবটি দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দিয়েছেন, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে মিছিল নিয়ে তারা যান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের কার্যালয়ের সামনে এবং সেখানে অবস্থান নেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘স্কুলিংয়ের ঠিকানা, ঢাকা কলেজ হবে না’, ‘ঢাকা কলেজের আঙিনায় স্কুলিংয়ের ঠাঁই নাই’, ‘ইউজিসির কালো হাত ভেঙে দাও’—এমন নানা স্লোগান দেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ ইতিহাস ও স্বকীয়তার ধারক ঢাকা কলেজ বহু বছর ধরে উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট স্কুলিং কাঠামো যুক্ত হলে কলেজের পরিচিতি, শিক্ষার পরিবেশ ও উচ্চমাধ্যমিক শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে গত ২৩ নভেম্বর একই দাবিতে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।