রিপোর্টার্স২৪ডেস্ক: মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বলিউডে জায়গা করে নিতে অর্জুন রামপালকে পাড়ি দিতে হয়েছে কঠিন আর্থিক অনিশ্চয়তার সময়। অভিনয়ের পথে সেই দীর্ঘ লড়াইয়ের গল্পই তুলে ধরেছেন তিনি। ২৬ নভেম্বর ৫৩তম জন্মদিনে ফের আলোচনায় এসেছে তাঁর সেই সময়ের স্মৃতিচারণ।
সাক্ষাৎকারে অর্জুন জানান, অশোক মেহতা পরিচালিত ‘মোক্ষ’ ছবি দিয়ে অভিনয়ে অভিষেক হওয়ার কথা ছিল, সেটি মুক্তি পেতে লেগে যায় প্রায় ছয় বছর। এই দীর্ঘ বিরতিতে তাঁর ছিল না কোনো নিশ্চিত আয়ের উৎস। মনীষা কৈরালার বিপরীতে শুটিং শুরু হলেও ক্যামেরায় নিজের অভিনয় দেখে সন্তুষ্ট হতে না পেরে তিনি মডেলিং ছেড়ে অভিনয়কেই সময় দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর শুরু হয় কঠিন সংগ্রাম।
তখন তিনি সেভেন বাংলোজ এলাকায় থাকতেন। আর্থিক সংকটে বাড়িভাড়া দিতেও হিমশিম খেতেন। সেই সময়ের কথা বলতে গিয়ে অর্জুন বলেন, প্রতি মাসের এক তারিখে বাড়িওয়ালা আসতেন। তিনি জিজ্ঞেস করতেন ‘টাকা নেই, তাই তো?’ আমি মাথা নেড়ে বলতাম হ্যাঁ। তখন তিনি বলতেন, কিছু মনে কোরো না, তুমি ঠিক পরিশোধ করে দেবে। এমন সহায়তা জীবনে খুব প্রয়োজন।
অভিনেতা জানান, সংকট এতটাই বেড়ে গিয়েছিল যে তাঁকে বাড়ি বদলাতে হয়েছিল। নতুন বাড়িতে থেকেও পরিস্থিতি সহজ ছিল না। তিনি নিজে নিরামিষ খেয়ে দিন কাটালেও তাঁর দুই পোষা কুকুরকে নিয়মিত আমিষ খাবার দিতে হতো। সেই সময়টাকে তিনি জীবনের ‘দুঃস্বপ্ন’ বলেই বর্ণনা করেছেন। তবে এই অভিজ্ঞতাই তাঁকে কৃতজ্ঞ হতে শিখিয়েছে বলে জানান অর্জুন।
পরবর্তীতে আর্থিক অবস্থার উন্নতি হলে তিনি আগের বাড়িওয়ালার সব বকেয়া টাকা শোধ করেন। এমনকি বাসা বদলের পরও সেই উদার মানুষটিকে নিজের ছবির প্রিমিয়ারে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা।
রিপোর্টার্স২৪/বাবি