রিপোর্টার্স২৪ডেস্ক: চলতি বছরের জুলাইয়ে কন্যাসন্তানের মা হন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। জন্মের পর থেকেই ভক্তরা কন্যার নাম জানতে উৎসুক ছিলেন। কিছু অনুরাগীর প্রস্তাব ছিল, তারা কন্যার নাম ‘সিয়ারা’ রাখুক, যা কিয়ারা ও সিদ্ধার্থের নামের সংমিশ্রণ।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কিয়ারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একরত্তির পায়ের ছবি শেয়ার করে জানালেন, তাদের কন্যার নাম রাখা হয়েছে সারায়াহ মালহোত্রা। কিয়ারা লিখেছেন, “আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে এসেছে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আমাদের রাজকন্যা।”
সারায়াহ নামের অর্থ সরাসরি প্রকাশ না করলেও হিব্রু ভাষায় ‘সারাহ’ মানে রাজকন্যা। নতুন রাজকন্যার আগমন ভক্তদের মধ্যে আনন্দ সৃষ্টি করেছে, যদিও কন্যার মুখ এখনও প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ‘শেরশাহ’ ছবিতে অভিনয়ের সময়ই কিয়ারা ও সিদ্ধার্থের প্রেমের শুরু। তারা ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি বছরের মে মাসে মেট গালায় একসাথে উপস্থিত হওয়ার পর বেশ কিছু সময় ক্যামেরার সামনে দেখা যায়নি।
রিপোর্টার্স২৪/আয়েশা