বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার তারকা সামান্থা রুথ প্রভুর বিয়ের দিন দেওয়া একটি ইঙ্গিতপূর্ণ পোস্টকে কেন্দ্র করে খুনের হুমকি পাচ্ছেন তার প্রাক্তন মেকআপ আর্টিস্ট সাধনা সিং—এমন অভিযোগ তুলেছেন তিনি নিজেই।
সামান্থার বিয়ের দিনে সাধনা লিখেছিলেন, ভিলেন হয়ে ভালোই ভিকটিম সাজা হচ্ছে। পোস্টটি ছড়িয়ে পড়তেই সামান্থার ভক্তদের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এরপর নানা অ্যাকাউন্ট থেকে খুনের হুমকি আসে বলে জানান সাধনা। সামাজিক মাধ্যমে সেই হুমকির স্ক্রিনশটও প্রকাশ করেছেন তিনি।
সাধনা ও সামান্থা একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তবে প্রীতম জুকালকের সঙ্গে সামান্থার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জনের পর তাদের সম্পর্ক শীতল হয় এবং সাধনা অভিনেত্রীর সঙ্গে কাজ বন্ধ করে দেন।
এ ঘটনায় এখনো সামান্থা বা তার টিম কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু সম্প্রতি কোয়েম্বাটুরে পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
রিপোর্টার্স২৪/বাবি