স্টাফ রিপোর্টার: নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়াকে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তার যোগদানের কথা থাকলেও তিনি যোগদান করেননি বলে জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলার উপ-প্রশাসনিক কর্মকর্তা মুকুল ইসলাম।
এর আগে গত সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তানজিয়া আঞ্জুম সোহানিয়াকে কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়।
কিশোরগঞ্জ উপজেলার উপ-প্রশাসনিক কর্মকর্তা মুকুল বলেন, তানজিয়া আঞ্জুম সোহানিয়াকে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার তিনি যোগদানের কথা ছিল। কিন্তু করেননি; শুনেছি তিনি লাক্স তারকা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহানিয়া ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেখানে তিনি সেরা দশের তালিকায় নির্বাচিত হয়েছিলেন। শুধু তাই নয়, পুরস্কার জিতে নেন ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতেও। এরপর শোবিজে কিছু কাজ করেছেন তিনি। তবে নিয়মিত ছিলেন না। পড়াশোনার ব্যস্ততায় নিজেকে গুটিয়ে রেখেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই ছাত্রী ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তিনি ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে নীলফামারী জেলার ৬ উপজেলার মধ্যে তিনটিতে আনা হয়েছে রদবদল।
সেই পরিবর্তনের অংশ হিসেবেই কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পান তানজিয়া আঞ্জুম সোহানিয়া।
রিপোর্টার্স২৪/ধ্রুব