স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে থাকা চারটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে চূড়ান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন নামগুলো দ্রুত কার্যকর করা হবে।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী: বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম ফেলানী খাতুন হল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শেরে বাংলা একে ফজলুল হক হল। ১০ তলা শেখ রাসেল হল এখন থেকে নবাব সলিমুল্লাহ হল নামে পরিচিত হবে। শেখ হাসিনা হলের নতুন নাম করা হয়েছে জুলাই চব্বিশ জাগরণী হল।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রতি সম্মান জানিয়ে মেয়েদের হলটির নাম ‘জুলাই চব্বিশ জাগরণী হল’ রাখা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি