বিনোদন ডেস্ক: হৃদয় খান প্রকাশ করেছেন তাঁর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’–এর অফিসিয়াল টিজার। ছয় বছর ধরে আটকে থাকা ২৫ মিনিটের চলচ্চিত্রটি ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে বলে জানানো হয়েছে, যদিও নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি।
চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে হৃদয়কে ঘিরে, যিনি অজান্তেই মাদক চক্রের ফাঁদে জড়িয়ে পড়েন। বাধ্য হয়ে প্রতিদিন ঝুঁকিপূর্ণ কাজ করতে হয় তাকে। এমন সময় পরিচয় হয় মোনা নামের তরুণীর সঙ্গে, যিনি প্রথমে তাকে ফাঁদে ফেলতে এলেও পরে সত্যিই ভালোবেসে ফেলেন—যার পরেই শুরু হয় করুণ পরিণতি। মোনার মৃত্যুর পর হৃদয় প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন।
নিউইয়র্কে চিত্রায়িত টিজারে দেখা যায়, ভয়, নজরদারি ও অনিশ্চয়তায় ঘেরা জীবনের মধ্যেই নতুন স্বপ্ন গড়ে ওঠে, আবার মুহূর্তেই ভেঙে যায়। বিশ্বাসঘাতকতা, ভালোবাসা ও প্রতিশোধ—গল্পে উঠে এসেছে এই তিনের মিশেল।
ছবিটি পরিচালনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হৃদয় খান। তাঁর সহশিল্পী মোনালিসা ও নিউইয়র্কের কয়েকজন স্থানীয় অভিনয়শিল্পীও যুক্ত হয়েছেন এতে।
পরিচালনা নিয়ে হৃদয় বলেন, ভিডিওগ্রাফির প্রতি আগ্রহ ছিল ছোটবেলা থেকেই, তবে অভিনয়ের পাশাপাশি পরিচালনা করা ছিল বড় চ্যালেঞ্জ।
ডিসেম্বরের মুক্তির ঘোষণায় দর্শকের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ দেখা গেছে।
রিপোর্টার্স২৪/বাবি