রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তারা প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধে নামে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, নতুন মডেল উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করছে।
আজ সকাল থেকেই ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা স্ব স্ব কলেজে বিক্ষোভ মিছিল করেন। পরে সব কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল করে শাহবাগে পৌঁছে অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, স্কুলিং মডেল বাস্তবায়ন হলে পাঁচটি সরকারি কলেজে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের অস্তিত্ব সংকুচিত হবে। সেজন্য আমরা প্রতিবাদে নেমেছি। যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতি বাতিলের ঘোষণা না আসবে, আন্দোলন চলবে।
অন্যদিকে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতেও সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নামবেন। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম ঝুলে থাকা এবং খসড়া অধ্যাদেশ প্রকাশের পরও চূড়ান্ত অগ্রগতি না থাকায় তারা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করবে।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং শনিবার (৬ ডিসেম্বর) জানায়, গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত গ্রহণ ও তিন দফা বৈঠক সত্ত্বেও কোনো সিদ্ধান্ত হয়নি। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থীর উদ্বেগ বেড়েছে।
এর আগে ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছিল।
রিপোর্টার্স২৪/ঝুম