এন্টারটেইনমেন্ট ডেস্ক: অভিনয়জীবনের প্রথম স্মৃতিতে ফিরে গেলেন সারা আলি খান। নিজের অভিষেক ছবি ‘কেদারনাথ’-এর সাত বছর পূর্তিতে তিনি প্রয়াত সহ-অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে স্মরণ করে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শুটিংয়ের কিছু মুহূর্ত ও এক আবেগঘন বার্তা।
সারা লিখেছেন, যদি ২০১৮-তে ফিরে যেতে পারতাম… কিছু বদলাতে নয়, বরং প্রতিটি মুহূর্ত আরও গভীরভাবে বাঁচতে। তিনি জানান, কেদারনাথের সময়কার স্মৃতিগুলো এখনও তাকে পথ দেখায়, শেখায় এবং কৃতজ্ঞ হতে মনে করিয়ে দেয়।
তিনি উল্লেখ করেন, ব্ল্যাক কফি, ট্রেকিং, চাঁদ দেখা, ক্যামেরার সামনে দাঁড়ানোর আগ্রহ—এসব ভালোবাসা তিনি পেয়েছিলেন সুশান্তের কাছ থেকে। সবচেয়ে বড় শিক্ষা ছিল জিজ্ঞাসু থাকা এবং শেখার ইচ্ছা বজায় রাখা।
২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ে মারা যান সুশান্ত সিং রাজপুত। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কেদারনাথ’-এ তিনি অভিনয় করেছিলেন এক ‘পিঠু’ কর্মীর চরিত্রে। ২০১৩ সালের বিধ্বংসী উত্তরাখণ্ড বন্যার প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি বক্স অফিসে সফলতা পায়।
সারা সর্বশেষ অভিনয় করেছেন অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো… ইন দিনো’ ছবিতে, যা বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি