রিপোর্টার্স২৪ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি বর্তমানে নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত হাজিরি দিয়ে আলোচনায় রয়েছেন। সামাজিক মাধ্যমে মাঝে মাঝে নাচ বা লুক নিয়ে বিতর্কের মুখে পড়লেও কাজে তিনি সবসময় একনিষ্ঠ। সম্প্রতি তীব্র শীতে তার শুটিংয়ের অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মাহি।
মাহি জানিয়েছেন, শীতের সকালে সাতটায় ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়া তার জীবনের সবচেয়ে কষ্টের অংশের একটি। তিনি বলেন, “রাত একটায় শুটিং শেষ করে তিনটায় ঘুমাতে যাই, তারপর আবার ছয়টায় উঠে শুটিংয়ে যেতে হয়। এটা সত্যিই দুঃখজনক।”
সোমবার সকালে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কনকনে শীতের মধ্যেও মাহি চার স্তরের পোশাক ও মোজা পরে মোটা কম্বলে মুড়িয়ে গাড়িতে বসে আছেন। ভিডিওর ক্যাপশনে তিনি রসিকতা করে লিখেছেন, “ঠান্ডা লাগছে, তাই বাসা থেকে আমাকে প্যাকেট করে শুটিংয়ে পাঠিয়েছে।”
অনুরাগীরা মাহির এই দৃশ্য দেখে মজা করতে ছাড়েননি। এক ভক্ত জানতে চাইলে মাহি জানান, তিনি সবমিলিয়ে চারটি পোশাক পরেছেন। অন্য ভক্তের প্রশ্নের উত্তরে জানান, শুটিংয়ের জায়গাটি খুবই ঠান্ডা।
ছোট পর্দার এই অভিনেত্রীর আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে একটি রিয়ালিটি শো থেকে শোবিজে পা রাখেন মাহি। এরপর থেকে অসংখ্য নাটক ও ওয়েব কনটেন্টে কাজ করেছেন।
রিপোর্টার্স২৪/ঝুম