রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে পাকিস্তানের প্রতীকী পতাকা পেতে তার ওপর হেঁটে প্রতিবাদ জানিয়েছে একদল শিক্ষার্থী। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলে এবং এর আগের দিন রাতে সার্জেন্ট জহুরুল হক হলে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
প্রতীকী পতাকায় লেখা ছিল ‘নো কম্প্রোমাইজ উইথ রাজাকার’। এর আগে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনের মাটিতেও পাকিস্তানের পতাকা পেতে শিক্ষার্থীদের হাঁটতে দেখা যায়। ওই দৃশ্য পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যদিও এরপর সেখানে পতাকা আর পাওয়া যায়নি।
জিয়াউর রহমান হলের প্রবেশপথে পতাকার ওপর হাঁটা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কারিব চৌধুরী প্রথম আলোকে বলেন, মহান বিজয় দিবসের এই মাসে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই উদ্যোগ। যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। একই সঙ্গে আমরা ঘৃণা জানাই পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার–আলবদরদের প্রতি।
তিনি আরও বলেন, এই প্রতিবাদ আমাদের ইতিহাসের প্রতি দায়বদ্ধতা এবং মানবতার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। আশা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই প্রতিবাদ স্বাধীনতার মূল্য স্মরণ করাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে অনুপ্রাণিত করবে।
রিপোর্টার্স২৪/এসসি