স্টাফ রিপোর্টার: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রণয়ন এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাদেশ ২০২৫–এর খসড়া সংশোধন ও চূড়ান্তকরণের কাজ শেষ ধাপে পৌঁছেছে। খসড়া নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন মহল থেকে পাওয়া পাঁচ হাজারের বেশি মতামত আইনগত ও বাস্তবতার আলোকে যাচাই-বাছাই করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৫ ডিসেম্বরের মধ্যে সংশোধিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন প্রশাসনসহ সাত কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা অব্যাহত রয়েছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ভর্তি প্রক্রিয়ায় মোট ১০ হাজার ১৯৪ জন শিক্ষার্থী ভর্তি হলেও নির্ধারিত সময়ে ৯ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী তাদের ভর্তির নিশ্চয়ন সম্পন্ন করেছেন। শিক্ষক প্রতিনিধিদের আশা, আগামী ১ জানুয়ারি থেকেই নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়, অসম্পূর্ণ তথ্য বা গুজবের ভিত্তিতে বিভ্রান্তি না ছড়িয়ে শিক্ষা কার্যক্রম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সচেতন থাকার জন্য।
এর আগে গত রবিবার হাইকোর্ট-মৎস্য ভবন সড়কে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেন। কর্মসূচিটি এখনও চলমান রয়েছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত সাত কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।
রিপোর্টার্স২৪/বাবি