চবি প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬-১৭ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন।
গত ৬ ডিসেম্বর রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া বাজার সংলগ্ন এলাকায় চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার শিকার হলে তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। একই দুর্ঘটনায় হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন চৌধুরী (৪২) ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দলীয় সভা শেষে রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মোঃ আরিফুল ইসলাম ও তার চাচা মোঃ এমরান হোসেন চৌধুরী। চারিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দু’জনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে মোঃ এমরান হোসেন চৌধুরীকে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত অবস্থায় মোঃ আরিফুল ইসলামকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর ৯ ডিসেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও উপ-উপাচার্যসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র সংগঠন শোক প্রকাশ করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি বিবৃতিতে মোঃ আরিফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে বলা হয়, ছোটবেলা থেকেই তিনি রাজনীতি সচেতন ও দেশপ্রেমিক একজন মেধাবী তরুণ হিসেবে উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কাজে আত্মনিয়োগ করেছিলেন।
জাতীয়তাবাদী আদর্শের একজন ত্যাগী ও একনিষ্ঠ কর্মী হিসেবে আরিফুল ইসলাম জীবনের শেষ সীমা পর্যন্ত জাতীয়তাবাদী রাজনীতির জন্য নিরলস ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করছেন।
রিপোর্টার্স২৪/এসএন