এন্টারটেইনমেন্ট ডেস্ক: শোবিজে পথচলা শুরু মডেলিংয়ের মাধ্যমে ২০১২ সালে; আর ২০১৫ সালে আকরাম খানের ঘাসফুল দিয়ে বড় পর্দায় অভিষেক। এরপর একটি সিনেমায় অভিনয় করলেও খুব বেশি নজর কাড়তে পারেননি তানিয়া বৃষ্টি। পরবর্তীতে ছোট পর্দায় নিয়মিত কাজ করেই প্রতিষ্ঠা পান তিনি। এখন তিনি টেলিভিশনের একজন পরিচিত ও জনপ্রিয় মুখ।
দীর্ঘ আট বছর পর আবার বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। রায়হান খানের নতুন সিনেমা ট্রাইব্যুনাল-এ অভিনয় করছেন তিনি। মঙ্গলবার ছবিটি ঘিরে আয়োজিত অনুষ্ঠানে তানিয়া বৃষ্টি তার অভিজ্ঞতা ও প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন।
তানিয়া জানান, গত কয়েক বছর ধরে সবাই জানতে চাইতেন তিনি আবার সিনেমায় ফিরবেন কি না—এখন সেই জিজ্ঞাসার উত্তর স্পষ্ট। ট্রাইব্যুনাল দিয়েই তিনি নতুন যাত্রা শুরু করছেন বড় পর্দায়।
বড় পর্দায় ফেরা নিয়ে দীর্ঘ বিরতির ব্যাখ্যায় তিনি বলেন, ভিট–চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার পর সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। পরে বুঝলাম, বড় পর্দা অনেক বড় ক্যানভাস। এখানে টিকে থাকতে হলে যোগ্যতা ও প্রস্তুতি দরকার। তাই নিজেকে তৈরি করতে ছোট পর্দায় কাজ করেছি। এই আট–দশ বছরে নিজেকে বড় পর্দার জন্য প্রস্তুত করেছি।সাম্প্রতিক সময়ে মাসে ১০ থেকে ১৫টি নাটক প্রচার হতো তার। সিনেমায় ব্যস্ত থাকায় এখন ছোট পর্দায় সময় কম দিতে পারছেন। তবে নাটক ছাড়ার কোনো ভাবনা নেই—জানান তিনি।
তানিয়া বলেন, নাটকই আমাকে পরিচিত করেছে। তাই সিনেমা করলে নাটক ছাড়তে হবে—এমন কোনো কথা নেই। নাটক কখনোই ছাড়ব না। তবে সিনেমার ব্যস্ততায় নাটকের কাজ হয়তো কমতে পারে। তাই বেছে বেছে কাজ করব।
ট্রাইব্যুনাল ছবির জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন তিনি। শুটিংয়ের আগে টানা এক মাস তারিক আনাম খানের সঙ্গে রিহার্সেলে অংশ নেন। সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবিটি ন্যায়বিচার, নৈতিকতা ও বিচারপ্রক্রিয়ার অন্তরালে থাকা রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরেছে।
চরিত্রে নিজেকে মানিয়ে নিতে তিনি মাঠপর্যায়ে গিয়ে কাজ পর্যবেক্ষণ করেছেন, এমনকি হাসপাতালের রোগীদের সঙ্গেও দীর্ঘ সময় কথা বলেছেন। তানিয়ার ভাষায়, চরিত্রের কষ্টটা বোঝার জন্য যতটা সম্ভব চেষ্টা করেছি। দর্শক ছবিটি দেখলেই বুঝবেন।
চলতি মাসেই ট্রাইব্যুনাল–এর শুটিং শেষ হবে। আগামী রোজার ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
রিপোর্টার্স২৪/বাবি