| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবিতে মবের শিকার অধ্যাপক আ.ক.ম জামাল, প্রাণে বাঁচলেন পালিয়ে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ১৪:৪২:৫৩:অপরাহ্ন  |  ৪৩১৫৭৩ বার পঠিত
ঢাবিতে মবের শিকার অধ্যাপক আ.ক.ম জামাল, প্রাণে বাঁচলেন পালিয়ে
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছেড়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আলোচিত শিক্ষক আ ক ম জামাল উদ্দীন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে ছিলেন একই বিভাগের শিক্ষক অধ্যাপক জিনাত হুদা।

এর আগে আ ক ম জামাল ও জিনাত হুদাসহ কয়েকজন শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদে যান। পরে কিছু শিক্ষার্থী এ খবরে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে জড়ো হয়। দুপুর একটার দিকে ভবন থেকে বের হতেই ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে শিক্ষক জামালকে ধাওয়া দেওয়া হয়। পরে তিনি দৌড়ে ভবনের নিচে রাস্তায় চলে যান। এ সময় জুবায়ের ও তার সঙ্গে থাকা কিছু শিক্ষার্থী পেছনে পেছনে ছুটতে থাকে। পরে অধ্যাপকের সঙ্গে থাকা প্রাইভেট কারে করে ক্যাম্পাস ত্যাগ করেন তারা দুজন। বলতে গেলে, পালিয়ে কোনো রকমে প্রাণে বাঁচলেন।

ঘটনার সময় উপস্থিত ঢাবি শিক্ষার্থী আব্দুর রহমান অভিযোগ তুলে বলেন, আজ ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা, আ ক ম জামালউদ্দিন, আজমল ভূইয়াসহ মোট পাঁচজন শিক্ষক গোপনে মিটিং করেন। তারা আওয়ামীপন্থি। খবর পেয়ে সামাজিক বিজ্ঞান অনুষদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়ে তাদের ঘেরাও করে। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরও উপস্থিত ছিলেন।

না প্রকাশ না করার শর্তে আরেক শিক্ষার্থী বলেন, ‘একজন শিক্ষককে এভাবে ধাওয়া করা উচিৎ হয়নি। এটা নৈতিক স্খলন। এরকম মব বাড়তে থাকলে, ঢাবি আর শিক্ষাঙ্গন থাকবে না। মব পরিচালনা কেন্দ্রে পরিণত হবে। এ ব্যাপারে প্রশাসনের সজাগ হওয়া উচিৎ।’

এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে এবি জুবায়ের লেখেন, আওয়ামী লীগের কুলাঙ্গার শিক্ষক আকম জামাল, নীল দলের পোস্টেড নেতা জিনাত হুদাসহ ৫ জন ফ্যাসিস্টের দোসর শিক্ষক আজকে ক্যাম্পাসে এসে গোপন মিটিংয়ে যুক্ত হয়েছিল। খবর পেয়ে আমরা তাদেরকে পাকড়াও করে পুলিশে দেয়ার চেষ্টা করি। কিন্তু আনফরচুনেটলি আগে থেকে প্রস্তুত করে রাখা গাড়িতে উঠে পালিয়ে যায় কুলাঙ্গারগুলো!

তিনি আরও লেখেন, এরা চিহ্নিত খুনিদের দোসর। এদের বিভাগের শিক্ষার্থীরা এদের ক্লাস-পরীক্ষা সব বয়কট করেছে। তারপরও এরা ক্যাম্পাসে প্রবেশ করার সাহস কিভাবে পায়! প্রশাসনকে আরো তৎপর হতে হবে। খুনিদের সাথে কোনো সহাবস্থানের সুযোগ নেই। সবগুলোকে বিচারের আওতায় আনতে হবে শীঘ্রই।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪