জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদের ৩৪ পদে মোট ১৮৯ জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন ৪২ জন প্রার্থী—এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৩৮ ও হল সংসদে ৪ জন।
বৃহস্পতিবার রাতে জকসুর কেন্দ্রীয় ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, যাচাই-বাছাই ও প্রাপ্ত অভিযোগ পর্যালোচনার ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ডোপ টেস্টসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকজনকে সাময়িকভাবে বাদ দেওয়া হয়েছে। তারা চাইলে আপিল করতে পারবেন। জাতীয় নির্বাচনের তফসিল জকসু নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগে জড়িত কয়েকজনের তদন্ত চলমান থাকায় তাদের প্রার্থিতা আপাতত স্থগিত রাখা হয়েছে। তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। অন্য একটি বিজ্ঞপ্তিতে হল শিক্ষার্থী সংসদের চূড়ান্ত তালিকাও একসঙ্গে পাঠানো হয়।
রাতে প্রকাশিত তালিকা অনুযায়ী কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ১৩, জিএস পদে ৯ এবং এজিএস পদে ৭ জন চূড়ান্তভাবে লড়বেন। বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদ মিলিয়ে মোট ২১ পদে ১৫৬ জন প্রার্থী রয়েছেন।
নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী ছাত্রী হলে ১৩ পদে ৩৩ জন চূড়ান্ত প্রার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভাপতি পদে ৩, সাধারণ সম্পাদক পদে ৩, সহ-সম্পাদক পদে ২ এবং অন্যান্য সম্পাদকীয় ও সদস্য পদে মোট ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে ৩১২ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ২৪৯ জন মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাইয়ের পর ২৩১ জনের নাম প্রকাশ করা হয়। ৯–১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় প্রার্থীদের ডোপ টেস্ট।
তফসিল অনুযায়ী– ১১ ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৩–১৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ১৪–২৭ ডিসেম্বর প্রচারণা, ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ ও গণনা, ৩০ বা ৩১ ডিসেম্বর ফল ঘোষণা করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি