| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা গ্যাংস্টারমুক্ত করতে অভ্যুত্থানের ঘোষণা সাদিক কায়েমের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১০:১৪:২৯:পূর্বাহ্ন  |  ১৩৬৫৩০৪ বার পঠিত
ঢাকা গ্যাংস্টারমুক্ত করতে অভ্যুত্থানের ঘোষণা সাদিক কায়েমের
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ডাকসুর ভিপি প্রার্থী ও ছাত্রনেতা সাদিক কায়েম। এ ঘটনাকে ‘গ্যাংস্টার তৎপরতার বহিঃপ্রকাশ’ উল্লেখ করে তিনি ঢাকা শহরকে গ্যাংস্টারমুক্ত করতে “অভ্যুত্থান শুরু হবে” বলে ঘোষণা দেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে লেখেন, “ওসমান হাদিকে গুলি করা হয়েছে। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের দখল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।”

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ঢামেকের জরুরি বিভাগে ভর্তি, এবং কোমায় আছেন বলে নিশ্চিত করেছেন জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ।

পরে আরেক পোস্টে সাদিক কায়েম লিখেন, “জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে একজন প্রার্থীকে গুলি করা অত্যন্ত অশনিসংকেত। পতিত ফ্যাসিস্ট চক্র নির্বাচন বানচালের জন্য যেসব হুমকি দিচ্ছে, এসব হামলা তারই অংশ। দেশি-বিদেশি দোসররাও নির্বাচন ঠেকাতে সক্রিয়।”

তিনি বলেন, এ হামলা আসন্ন নির্বাচনের সুষ্ঠুতা এবং প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকলে তা উদ্ঘাটন করে জাতিকে জানাতে হবে। দলমত নির্বিশেষে মাঠের সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে সরকারকে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪