| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদি গুলিবিদ্ধ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১১:২০:৫৯:পূর্বাহ্ন  |  ৪২১০৮৪ বার পঠিত
ওসমান হাদি গুলিবিদ্ধ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তাঁতীবাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

মিছিলে শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও’ স্লোগান দেন।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, “হাদির ওপর এই হামলা শুধু রাজনৈতিক কর্মীর ওপর নয়, এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত। ইন্টেরিম সরকারকে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসিব বলেন, “একজন রাজনৈতিক কর্মীকে দিনে-দুপুরে গুলি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের অক্ষমতায় এই ঘটনা ঘটেছে। মানুষের নিরাপত্তা এখন হুমকির মুখে।”

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার অওরিন বলেন, “আমরা স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু দিনদুপুরে এমন নৃশংস হামলা দেখে উদ্বিগ্ন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।”

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, “বারবার রক্ত দিয়েছে আমাদের জাতি। কিন্তু স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদের স্বপ্ন বিনষ্ট করছে।”

ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী আব্দুল আলিম আরিফ বলেন, “ওসমান হাদির ওপর এই হামলা পরিকল্পিত। হামলাকারীদের দ্রুত বিচার করতে হবে।”

আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, “শুধু বিচার নয়, ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখতে সরকারকে পদক্ষেপ নিতে হবে।”

উল্লেখ্য, আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪