রিপোর্টার্স২৪ ডেস্ক: জনপ্রিয় ব্রিটিশ বয় ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’ এর সঙ্গে পারফর্ম করে পরিচিত মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস আর নেই। তার আকস্মিক মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে গায়িকার সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানায়, গত ৯ ডিসেম্বর ক্যামরিন ম্যাগনেসের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ২৬ বছর।
এক শোকবার্তায় বলা হয়, “আমাদের প্রিয় ক্যামরিনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সে ছিল এক উজ্জ্বল শক্তি, তার কণ্ঠ, লাজুকতা ও প্রাণবন্ত চেতনা অসংখ্য মানুষকে স্পর্শ করেছে। মঞ্চে কিংবা মঞ্চের বাইরে সে ছিল নির্ভীক ও সীমাহীন দয়ালু।”
মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ডেনভারের বাসিন্দা ক্যামরিন ম্যাগনেস ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ঝোঁক দেখান। মাত্র ৯ বছর বয়সে, ২০০৮ সালে তিনি রেকর্ড লেবেল ৫২৮০ মিডিয়া এর সঙ্গে চুক্তিবদ্ধ হন।
২০১১ সালে তার প্রথম একক গান ‘ওয়েট অ্যান্ড সি’ মুক্তি পায়, যা শিশুতোষ কমেডি চলচ্চিত্র ‘জুডি মুডি অ্যান্ড দ্য নট বামার সামার’ এ ব্যবহৃত হয়। একই সঙ্গে তার ‘সামার’ ও ‘সো হোয়াট ওহ ওয়েল’ গানও জনপ্রিয়তা পায়।
২০১১ সালে উদীয়মান পপ তারকা কোডি সিম্পসন ও গ্রেসন চান্স–এর সঙ্গে ‘ওয়েটিং 4ইউ’ ট্যুরে অংশ নেন ক্যামরিন। একই বছর তিনি পপ-পাঙ্ক ব্যান্ড অলস্টার উইকেন্ড এর সঙ্গে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চল সফর করেন।
এরপর ব্রিটিশ বয় ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’ এর সঙ্গে ২০১২ সালের ‘আপ অল নাইট ট্যুর’ এবং ২০১৩ সালের ‘টেক মি হোম ট্যুর’ এ অংশ নেন। ওই সফরে ইউরোপজুড়ে ৬০টির বেশি শোতে পারফর্ম করেন তিনি।
২০১৬ সালে তিনি ফিফথ হারমোনির সঙ্গে গার্লস গ্রুপের ‘৭/২৭ ট্যুর’ এর ইউরোপীয় পর্বেও অংশ নেন।
ক্যামরিন ম্যাগনেসের সাম্প্রতিক একক গানগুলোর মধ্যে রয়েছে ‘গ্লো’, ‘ইজেড ইজেড’, ‘পেইন্ট আদার লাইফ’ এবং ‘ড্যান্স উইথ সামবডি’। তার সর্বশেষ ইপি অ্যালবাম ‘লাভ ম্যাপস’ প্রকাশিত হয় ২০২১ সালে।
ক্যামরিনের অকাল মৃত্যুতে সংগীত জগতে নেমে এসেছে গভীর শোক।