| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজাকারদের ছবি মুছে দিয়েছে ঢাবি প্রশাসন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ১৫:৪৬:৫৬:অপরাহ্ন  |  ৩৭৫৯০৫ বার পঠিত
রাজাকারদের ছবি মুছে দিয়েছে ঢাবি প্রশাসন

ঢাবি প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রাস্তায় রাজাকার হিসেবে আঁকা যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে হল প্রশাসন। 

গতকাল শনিবার রাতে হলের রবীন্দ্রভবন ও অক্টোবর স্মৃতি ভবনসংলগ্ন সড়কে এ ছবিগুলো আঁকা হয়। আর আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে তা মুছে ফেলা হয়েছে।

জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক বলেন, ১৪ ডিসেম্বর স্মরণে ডাকসুর পক্ষ থেকে যেহেতু কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি, তাই হল সংসদের পক্ষ থেকে ‘তুলির আঁচড়ে দ্রোহ’ নামে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বীকৃত রাজাকারদের ছবি আঁকেন।

সুদীপ্ত বলেন, ‘কিন্তু হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ে মিলে এই ছবিগুলো মুছে দিয়েছে। হল প্রশাসন আমাদের জানিয়েছে, তাদের নাকি ওপর থেকে নির্দেশ এসেছে।’

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, অনুমতি নেওয়ার সময় ছবি আঁকার বিষয়টি উল্লেখ ছিল না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে তা মুছে ফেলা হয়।

এ বিষয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪