এন্টারটেইনমেন্ট ডেস্ক: বয়স যে কেবলই একটি সংখ্যা—নিজের ৪৫তম জন্মদিনে আবারও সেই বার্তাই দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সামাজিক মাধ্যমে বিকিনিতে তোলা ছবি ও স্পষ্ট ভাষার পোস্টে তিনি জানালেন, বয়স, সেলুলাইট বা ত্বকের দাগ নয়—এই শরীরকেই তিনি ভালোবাসেন।
স্বস্তিকা লিখেছেন, বয়স বাড়া কোনো সমস্যা নয়; সমস্যা হলো সেই সংস্কৃতি, যা নারীদের ভয় দেখিয়ে নিজেকে প্রকাশ করতে বাধা দেয়। তাঁর ভাষায়, এই শরীর বেঁচে আছে, কাজ করেছে, লড়াই করেছে, আনন্দ–বেদনা বহন করেছে এবং সমাজ অদৃশ্য হতে বললেও থেমে যায়নি।
বরাবরের মতোই খোলামেলা পোশাক ও শরীর নিয়ে কটাক্ষের জবাব দিতে পিছপা নন স্বস্তিকা। আগেও বহুবার বডি শেমিংয়ের শিকার হলেও তিনি তা উপেক্ষা করেছেন। জন্মদিন উপলক্ষে মন্দারমণির সৈকতে কাটানো সময়ের ছবিতে তাঁকে দেখা যায় হলুদ–সাদা চেক বিকিনি, মেকআপহীন লুকে।
বাংলা চলচ্চিত্র জগতে সাহসী ও স্পষ্টভাষী অভিনেত্রী হিসেবে পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায় আবারও জানিয়ে দিলেন—সমাজের বাধা সত্ত্বেও নিজের শরীর, বয়স ও সিদ্ধান্ত নিয়ে তিনি স্বাচ্ছন্দ্যেই আছেন।
রিপোর্টার্স২৪/বাবি