| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংগীতশিল্পী প্রলয় চাকী আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ১১:৫৬:২৭:পূর্বাহ্ন  |  ৪০৭৪৯৮ বার পঠিত
সংগীতশিল্পী প্রলয় চাকী আটক

পাবনা প্রতিনিধি: সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক প্রলয় চাকীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম আটকের বিষয়টি জানান।

প্রলয় চাকীর ছেলে সংগীত পরিচালক সানী চাকী জানান, সকাল ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল বাড়িতে এসে বাবার খোঁজ করে। এরপর কোনো মামলা বা ওয়ারেন্ট ছাড়াই বাবাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এ সময় আটকের কারণ জানতে চাইলে তারা সুনির্দিষ্ট করে কিছু না জানালেও ডেভিল হান্ট অভিযানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান।

সানী আরও জানান, বাবা কখনোই রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেননি। তার নামে কোনো মামলাও নেই। সরকার পতনের পরেও তিনি বাড়িতেই ছিলেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও চোখের কর্ণিয়ার রোগে ভুগছেন। তাকে অযথা হয়রানি করা হচ্ছে।

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, সারাদেশে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে প্রলয় চাকীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রলয় চাকী ৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক। প্রলয় চাকী ও মলয় চাকী দুই ভাই ইত্যাদিসহ বিটিভির জনপ্রিয় অনুষ্ঠানগুলোতে গান গেয়ে সাড়া ফেলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪