রিপোর্টার্স২৪ ডেস্ক: নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো বলিউড কুইন মাধুরী দীক্ষিত তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তবে এই সাফল্যের আলোকোজ্জ্বল পথেও একটি ঘটনা তার জন্য কালচে দাগ হিসেবে থেকে গেছে। তা হলো ফিরোজ খান পরিচালিত ‘দয়াবান’সিনেমার একটি দৃশ্য, যা নিয়ে দীর্ঘ বছর পরে মাধুরী মুখ খুলেছেন।
১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দয়াবান’সিনেমার ‘আজ ফির তুমপে পেয়ার আয়া হ্যায়’গানটি আজও দর্শকের হৃদয়ে গেঁথে আছে। কিন্তু সেই গানের শুটিং মাধুরীর জন্য ছিল এক দুঃসহ অভিজ্ঞতা। সম্প্রতি ‘রেডিও নেশা’-র সাক্ষাৎকারে তিনি পুরনো স্মৃতি রোমন্থন করে জানান, তখন তিনি ইন্ডাস্ট্রিতে নতুন এবং নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছিলেন। অন্যদিকে, অভিনেতা বিনোদ খান্না ছিলেন প্রতিষ্ঠিত মহাতারকা।
মাধুরী সেই অন্তরঙ্গ দৃশ্যের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, সবকিছুই আসলে একটি শেখার প্রক্রিয়া। আমি সেই দৃশ্যের পর ভীষণ লজ্জা ও অস্বস্তি অনুভব করেছিলাম। তখনই মনে হয়েছিল, এমন দৃশ্য করা উচিত হয়নি। সেই অভিজ্ঞতা থেকেই আমি নিজের জন্য একটি সীমারেখা টেনে দিয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে ভবিষ্যতে আর কখনো এমন দৃশ্যে অভিনয় করব না।
শুটিং চলাকালীন বিনোদ খান্না এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন যে পরিচালক ‘কাট’বলার পরও থামেননি। এমনকি মাধুরীর ঠোঁটে কামড় বসিয়ে দেন, যার ফলে কিছু রক্তপাতও হয়। মাধুরী সরাসরি রক্তপাতের বিষয়টি নিয়ে মন্তব্য করেননি, তবে বলেন, সেই দৃশ্যের পর তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন।
পরবর্তীতে বিনোদ খান্না তার আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং পরিচালক ফিরোজ খানও স্বীকার করেন যে, মাধুরীর সঙ্গে সেই ধরনের দৃশ্য করা ঠিক হয়নি। সেই ঘটনার পর মাধুরী আর কখনো বিনোদ খান্নার সঙ্গে কোনো সিনেমায় জুটি বাঁধেননি।
পুরনো ভুলের কথা স্মরণ করে মাধুরী বলেন, আজও যখন ওই দৃশ্যটি দেখি, নিজেকে অসহায় মনে হয়। তবে সেই ঘটনা আমাকে শিখিয়েছে বলিউডে টিকে থাকতে হলে নিজের ব্যক্তিত্ব ও সীমা কীভাবে বজায় রাখতে হয়।”
রিপোর্টার্স২৪/ঝুম