রিপোর্টার্স২৪ ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ নতুন সিনেমার শুটিং চলাকালে আহত হয়েছেন। পরিচালক পথিকৃৎ বসু নির্মিত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির শুটিং সেটেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই সিনেমাটির শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করার সময় দুর্ঘটনাটি ঘটে। পুরো সপ্তাহজুড়ে শুটিংয়ের শিডিউল থাকলেও জিতের শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে সব কাজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও ঠিক কীভাবে জিৎ আঘাত পেয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিচালক পথিকৃৎ বসু জানিয়েছেন, অভিনেতার সুস্থতার দিকটি প্রাধান্য দিয়েই পরবর্তী শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হবে। আপাতত শুটিং পুনরায় শুরুর কোনো নির্দিষ্ট সময়সূচি জানানো সম্ভব নয় বলেও ইঙ্গিত দেন তিনি।
এই ছবিতে জিৎ অভিনয় করছেন ঐতিহাসিক চরিত্র অনন্ত সিংহ-এর ভূমিকায়। সিনেমাটি মূলত অ্যাকশনধর্মী এবং ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের উত্তাল সময়কে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। শুটিংয়ের ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলোতে অভিনয়ের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯০৩ সালে চট্টগ্রামে জন্মগ্রহণকারী অনন্ত সিংহ ছিলেন বিপ্লবী নেতা মাস্টারদা সূর্য সেন-এর অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনসহ একাধিক ঐতিহাসিক ঘটনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জীবনের শেষ পর্যায়ে তিনি নকশালপন্থী রাজনীতির সঙ্গেও যুক্ত হন।
ইতিহাসে অনন্ত সিংহ একদিকে যেমন বিপ্লবী বীর, অন্যদিকে তেমনি সাধারণ মানুষের সহায়তায় ব্যাংক ডাকাতির মতো চাঞ্চল্যকর ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে আছে। এই বর্ণাঢ্য ও বিতর্কিত চরিত্রকে পর্দায় তুলে ধরতেই গিয়ে শুটিং সেটে দুর্ঘটনার মুখে পড়লেন জিৎ।
ভক্তরা এখন অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং ছবিটির কাজ আবার কবে শুরু হবে, সে দিকেই নজর রাখছেন।
রিপোর্টার্স২৪/ঝুম