| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিজ আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ১৮:১৩:৩৪:অপরাহ্ন  |  ৪০৫১৯৬ বার পঠিত
নিজ আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। বুধবার (১৭ ডিসেম্বর) দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন ও বিমান চলাচলসংক্রান্ত উত্তেজনার মধ্যেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো।

পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষ (পিএএ) এক বিবৃতিতে জানায়, ভারতে নিবন্ধিত সব বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে। এর আওতায় ভারতীয় বিমান সংস্থার মালিকানাধীন, পরিচালিত ও লিজ নেওয়া বেসামরিক বিমান ছাড়াও দেশটির বিমানবাহিনীর সব বিমান অন্তর্ভুক্ত থাকবে।

চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২৪ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তা আরও ৩০ দিনের জন্য বাড়ানো হয়।

গত এপ্রিল মাসে প্রথমবারের মতো এ নিষেধাজ্ঞা আরোপ করে ইসলামাবাদ। এর প্রতিক্রিয়ায় নয়াদিল্লিও পাকিস্তানি বিমানের জন্য নিজেদের আকাশসীমায় একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে।

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় বিভিন্ন আন্তর্জাতিক রুটে ভারতীয় বিমানগুলোকে দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে। এতে ফ্লাইটের সময় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জ্বালানি ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

উল্লেখ্য, গত এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এ ঘটনায় মে মাসে দেশটির বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা শুরু করে। এতে টানা চার দিন দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

পরবর্তীতে সংঘাতের অবসান ঘটে। তবে উত্তেজনা পুরোপুরি প্রশমিত না হওয়ায় পাকিস্তান এখনো ভারতের জন্য আকাশসীমা খুলে দেয়নি। একইভাবে ভারতও পাকিস্তানি বিমানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রেখেছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪