| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গায়ের চামড়া এতটাই পুড়েছিল যে কয়লার মতো হয়ে গিয়েছিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ১০:৫৪:৫৩:পূর্বাহ্ন  |  ১১১৬৩০৬ বার পঠিত
গায়ের চামড়া এতটাই পুড়েছিল যে কয়লার মতো হয়ে গিয়েছিল

বিনোদন ডেস্ক: মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত সিনেমা হাওয়া-এর পর প্রায় তিন বছর বিরতি দিয়ে নতুন সিনেমা রইদ নিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী নাজিফা তুষি। এই ছবিতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তবে চরিত্রটিকে বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তুলতে গিয়ে তুষিকে পার হতে হয়েছে শারীরিক ও মানসিক কষ্টের এক কঠিন সময়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তুষি জানান, চরিত্রের প্রয়োজনে তিনি নিজের গায়ের রঙ পরিবর্তনে কোনো ধরনের কৃত্রিম মেকআপ ব্যবহার করেননি। বরং প্রাকৃতিক উপায়েই নিজেকে চরিত্রের সঙ্গে মানিয়ে নিয়েছেন।

তিনি বলেন, আমি শরীরে সরিষার তেল মেখে নিয়মিত রোদে যেতাম। সরিষার তেল লাগালে রোদে ত্বক খুব দ্রুত বার্ন হয়। একসময় আমার গায়ের চামড়া এতটাই পুড়ে গিয়েছিল যে দেখতে একদম কয়লার মতো হয়ে গিয়েছিল।”

কেন মেকআপ ব্যবহার করেননি এই প্রশ্নের উত্তরে তুষি বলেন, মেকআপ করলে দৌড়াদৌড়ি, বৃষ্টি কিংবা অতিরিক্ত ঘামের কারণে তা উঠে যাওয়ার আশঙ্কা থাকে। তখন আমার আসল স্কিন বের হয়ে আসত। আমি চাইনি এমন কোনো ঝুঁকি নিতে, যা চরিত্রের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারে।

তিনি আরও জানান, রইদ সিনেমার এই চরিত্রটি তার অভিনয় জীবনের অন্যতম চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। কারণ এই চরিত্রটির কোনো নাম পর্যন্ত ছিল না।

তুষির ভাষ্যে, এই প্রথম আমি এমন একটি চরিত্রে কাজ করলাম যার কোনো নাম নেই। চরিত্রটির মানসিকতা বোঝা এবং সেটার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া মোটেও সহজ ছিল না। বাইরে থেকে সহজ মনে হলেও কাজটা ভীষণ কঠিন।

চরিত্রের বাস্তবতা ধরে রাখতে শুটিং লোকেশনেও আলাদা জীবনযাপন করতে হয়েছে বলে জানান তিনি। আমরা সেখানে একেবারে স্থানীয়দের মতো জীবনযাপন করতাম। এমনকি শুটিংয়ের পোশাকও আমরা রাস্তার ধারের টুকের বাজার থেকে সাধারণ মানুষের ব্যবহৃত কাপড় কিনে পরতাম। কারণ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করে তোলা।

সব মিলিয়ে, রইদ সিনেমায় নাজিফা তুষির এই চরিত্রটি তার অভিনয় জীবনে এক নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪